টমেটোর সঠিক মূল্য না পাওয়ায় হতাশ কৃষক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৩
বরাবরই কৃষকরা তার ফসলের মূল্য পাননা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ফড়িয়ারা তাদের কাছ থেকে পণ্য কেনেন কিন্তু সঠিক মূল্য দেননা। কৃষক চিরদিনই নিগৃহীত হন। আর শেষ পর্যন্ত সংরক্ষণ করতে গিয়ে পচিয়ে ফেলেন তারা। রবিবার এমন দৃশ্যই দেখা গেলো রাজশাহীর গোদাগাড়ীর গোপালগঞ্জ এলাকায়। 
 
সেখানে কৃষক টমেটো উৎপাদন করে তার সঠিক মূল্যটি পাননা। আর তেমন সুব্যবস্থা ও টাকার অভাবে তারা শহরে এনে সেসব বিক্রিও করতে পারেন না। শেষে হতাশ হয়ে দালালদের কাছেই বেচে দিতে হয় অনেক কষ্টের ফসল।
 
স্থানীয় কৃষকরা জানান, ন্যায্য দাম তারা কখনোই পাননা। উপায় না দেখে স্বল্প মূল্যে তা বিক্রি করতে হয় ব্যবসায়ীদের কাছে। রাজশাহীর গোদাগাড়ী তানোর উপজেলায় এখন টমেটোর ছড়াছড়ি। অথচ বাজারে এর মূল্য অনেক বেশি। এখানে ফড়িয়ারা একজোট হয়ে কম দাম দিয়ে ঠকাচ্ছে তাদের। দাম বেশি হওয়ায় ঢাকায় টমেটো কিনতে পারেন না অনেকেই।
 
এদিকে ওষুধ দিয়ে টমেটো সংরক্ষণ করা হলেও পচে যাওয়ার কারণে তা ফেলে দেওয়া হচ্ছে। আর সেগুলোই খাচ্ছে গরু-ছাগলে।
 
ইত্তেফাক/এমআই