সৌদি আরবের মক্কায় ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তান নিহতের পর মারা গেলেন আহত কামরুল ইসলাম।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামরুল ইসলামের চাচাতো ভাই সরকার আমিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
এক সপ্তাহ আগে গত শনিবার ইতালি থেকে স্ত্রী ও দুই পুত্র নিয়ে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন করতে যান ইতালি প্রবাসী কামরুল ইসলাম । পবিত্র নগরী মক্কায় ওমরা শেষ করে বৃহস্পতিবার মক্কা থেকে পবিত্র নগরী মদিনায় অবস্থিত মসজিদে নববী ও রাসূল (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে নিকটাত্মীয় সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ব্যক্তিগত গাড়িতে মদিনার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালুতে পড়ে গেলে ঘটনাস্থলেই কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন ও দুই সন্তান ছেলে ইউসা হোসাইন ও আযান হোসেন মারা যান। মারাত্মক আহত অবস্থায় কামরুল ইসলাম ও জুয়েল হোসেনকে উদ্ধার করে মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেফপাড়ায়। জুয়েলও ওই এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
