উল্লাপাড়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিনামূল্যে বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
এই স্কুলে ৫৪ জন শিক্ষার্থীর নিকট থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে আবার অভিভাবকদের টাকা ফেরত দেয়া হয়।
চালা গ্রামের অভিভাবকরা অভিযোগ করেন, বই দেয়ার শুরুতেই প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষকরা শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে আদায় করেন। বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে জানালে তিনি শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। এ সময় টাকা নেয়া বন্ধ হয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরী জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে স্কুলের বিদ্যুৎ ফি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যয় নির্বাহের জন্য তারা একশত টাকা করে শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করেছিলেন।
স্কুলের সভাপতি সাইদুর রহমান জানান, স্কুলের খেলাধুলা ও বইমেলার চাঁদা বাবদ অনেক টাকা লাগে। মূলত এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.জি মাহমুদ ইজদানী জানান, সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
