দুর্দান্ত জয়ে নতুন বছর শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের পর সোমবার রাতে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ৪৫।
সবশেষ লেস্টার সিটি, বার্নলি ও সাউদাম্পটনের বিপক্ষে পয়েন্ট খুইয়ে প্রিমিয়ার লিগে ধুকছিল সফলতম এই ইংলিশ ক্লাবটি। গত বছরের শেষ দিকে এসে নেমে যায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এবার দুর্দান্ত জয়ে নতুন করে প্রত্যাবর্তনের আভাস দিচ্ছে দলটি।
IMG0
এভারটনের মাঠ গুডিসন পার্কে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনি মার্শাল। আর ৮১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জেসে লিনগার্ড। ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন তিনি। এভারটন কোনো গোল শোধ করতে না পারায় এই দুই গোলেই জয় পায় ম্যানইউ।
ইত্তেফাক/কেআই
