আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে মঙ্গলবার সকালে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। ওই কারখানার এজিএমকে চাকরিচ্যুত করায় তার আন্দোলন করে বলে জানা যায়।
শ্রমিকরা জানান, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় অবস্থিত নীট এশিয়া লিমিটেড কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। কয়েকদিন আগে কারখানাটিতে মো. বাশার নামে একজন জিএম হিসেবে যোগ দেন। কারখানাটির এজিএম তারেককে চাকরিচ্যুত করে মালিকপক্ষ। তারেককে ছাড়া কারখানায় কাজ করবে না বলে সোমবার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এছাড়া তারা নতুন জিএমকে প্রত্যাহারের দাবি জানিয়ে কারখানাটিতে ভাংচুর চালায়।
এদিকে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখতে পান।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জানে আলম খান বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে কারখানাটি ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। তবে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
