বাড়তি ফি-এর টাকা ফেরত চাই

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০৬

ফরিদপুর শহরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এবছর এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ প্রায় ছয় হাজার টাকা আদায় করা হয়েছে। নির্বাচনী পরীক্ষার আগেই আগামী ২০১৯ সালের উন্নয়ন ফি হিসেবে প্রত্যেক ছাত্রীর কাছ থেকে দুই হাজার টাকা আদায় করা হয়েছে, যা একেবারেই অনৈতিক। কারণ আগামী বছর এসএসসি পাস করার পর আবারও উন্নয়ন ফি দিয়েই আমাদেরকে কলেজে ভর্তি হতে হবে।  তারপর পরীক্ষার ফি বাবদ দুই হাজার এবং পরে বাধ্যতামূলক কোচিং ফি হিসেবে আরো দুই হাজার টাকা আদায় করা হয়েছে। এর ফলে বোর্ড নির্ধারিত ফি-এর চেয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা প্রত্যেক শিক্ষার্থীকে বেশি দিতে হয়েছে। এভাবে প্রায় ৩০০ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় চৌদ্দ লাখ টাকা বেশি আদায় করা হয়েছে। অনেক অভিভাবক প্রতিবাদ করলেও কোনো ফল পাওয়া যায়নি। কোনো রকম নীতিমালা না থাকায় প্রতি ক্লাসেই উন্নয়ন ফি হিসেবে বিপুল টাকা অভিভাবকদের পরিশোধ করতে হচ্ছে। এমপিওভুক্ত বিদ্যালয় হওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে একেবারেই উদাসীন। আমরা অবিলম্বে এই বাড়তি ফি-এর টাকা ফেরত চাই।

সাদিয়া আক্তার

এসএসসি পরীক্ষার্থী

সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর