নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ বড় জয় পেল পাকিস্তান

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫৫
 
নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। নেলসনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ১২০ রানে হারিয়েছে উপমহাদেশের দলটি। 
 
টসের বিপরীতে আগে ব্যাটিং করে দুই ওপেনার আজহার আলী ও ফখর জামানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২০৬ রান যোগ করেন তারা। এজন্য তারা মোকাবেলা করেন ১৭৪ বল। 
৮টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১০৪ রান করে আহত অবসর নেন আজহার। 
 
অন্যপ্রান্তে ১২টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করে আহত অবসর নেনফখরও। এছাড়া দলের পক্ষে হাসান আলী ৩৬ ও শাহদাব খান ২৪ রান করেন। 
জবাবে ২২১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশ। 
 
এই দলের পক্ষে মাইকেল ডেভিডসন সর্বোচ্চ ৫৪ রান করেন। পাকিস্তানের শাহদাব খান ৪টি উইকেট নেন। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাসস
 
ইত্তেফাক/কেকে