চবিতে পরীক্ষার অনুমতি না দেওয়ায় সংস্কৃত বিভাগের সভাপতি অবরুদ্ধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:৫৭
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ সেশনের সাত শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেওয়ায় বিভাগের সভাপতিকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে তালা ঝুলিয়ে দেড় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখে বিভাগের সভাপতিকে। ফলে পূর্ব নিধারিত রুটিন অনুযায়ী ২০১নং কোর্সের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
 
জানা যায়, বিভাগের সাত শিক্ষার্থীর উপস্থিতি হার সন্তোষজনক না হলে তাদের পরীক্ষার অনুমতি দেয়নি একাডেমিক কমিটি। তারা প্রক্টর ও ছাত্র উপদেষ্টার অনুমতি নিয়ে আসলেও পরীক্ষার অনুমতি পায়নি।
 
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রত্যেকের উপস্থিতি ২৫ শতাংশের কাছাকাছি থাকলেও পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি। কিন্তু তার চেয়ে অনেক কম উপস্থিতি থাকা শিক্ষার্থীরাও পরীক্ষা দেওয়ায় অনুমতি পায়।
 
সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার বলেন, যারা পরীক্ষার দেওয়ার অনুমতি পায়নি আজকের এই অপ্রীতিকর পরিস্থিতির কারণে জরুরি একাডেমিক সভার অনুমতি সাপেক্ষ তাদের আবেদনগুলো পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসে প্রেরণ করা হয়েছে। তারা অনুমতি দিলে এ সাত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
 
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, শিক্ষার্থীরা তালা ঝুলানোর পর পরই আমাদের প্রক্টররিয়াল বডি গিয়ে তালা খুুলে দেয় এবং বিভাগের সভাপতির সাথে আলোচনা করে একাডেমিক মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
ইত্তেফাক/আরকেজি