মির্জাপুরে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১২:৩১
 
বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখা ছাত্রলীগের দুই গ্রুপ শহরে পাল্টাপাল্টি সমাবেশের প্রস্তুতি গ্রহণ করায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই গ্রুপ উপজেলা সদরে একই সময়ে সমাবেশ ঘোষণা দেওয়ায় যে কোন সময় দুই গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পরার আশংকায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনায় পালনের জন্য সারা দেশে ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ দুই গ্রুপে বিভক্ত হওয়ায় তারা দুই কমিটি পাল্টা-পাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এক গ্রুপ সমাবেশ করবে মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং অপর গ্রুপ সমাবেশ করবে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে বলে জানা গেছে। ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি খন্দকার নাইম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।অপর গ্রুপের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।দুটি কমিটিই নিজেদের বৈধ কমিটি দাবী করে সম্মেলন ও গণসংযোগ করে পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড শাখায় পৃথক পৃথক ছাত্রলীগের কমিটি ঘোষণা দিচ্ছে।
 
ছাত্রলীগের বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, কলেজ, পৌর ও ইউনিয়নের কোন সম্মেলন ছাড়াই মীর আসিফ অনিক ও শরিফুল ইসলাম শরিফ গ্রুপ জেলা শাখার একটি প্রভাবশালী মহলের সঙ্গে আঁতাত করে রাতের আঁধারে হঠাৎ করে একটি অবৈধ কমিটি ঘোষণা করেছে। গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনের পূর্বে কাউন্সিল করে আহ্বায়ক কমিটি গঠন করার বিধান রয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক ঐ কমিটির কোন ভিত্তি নেই বলে ছাত্রলীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। অপর দিকে ছাত্রলীগের মীর আসিফ অনিক ও শরিফুল ইসলাম শরিফ গ্রুপের নেতৃবৃন্দ ঐ গ্রুপের অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, 'ঐ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নানা জটিলতার কারণে সম্মেলনের মাধ্যমে নতুন কোন কমিটি দিতে পারেনি।ফলে ছাত্রলীগের জেলা কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সঙ্গে আলোচনা করে মির্জাপুরে একটি কমিটি দিয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে জেলা আহ্বায়ক কমিটি কিভাবে কাউন্সিল না করে এবং আহ্বায়ক কমিটি গঠন না করেই কি ভাবে একটি কমিটি ঘোষণা করেছে।আসলে মির্জাপুরে ছাত্রলীগের কোন কমিটি বৈধ আর কোন কমিটি অবৈধ এ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ।
 
এদিকে আজ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দুই গ্রুপই এখন মাথাচাড়া দিয়ে পাল্টা-পাল্টি সমাবেশের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমান কমিটির সভাপতি খন্দাকার নাইম হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাদ্দাম হোসেন কমিটি আনন্দ র‌্যালি, কেককাটা ও বিশাল সমাবেশ করবে উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. সাহাদত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মো. মাজারুল ইসলাম শিপলু, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বাবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন. যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম সিকদার আজাহার, আবিদ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
অপর দিকে সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ গ্রুপের কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জোয়াহেরুল ইসলাম জহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি তরুণ নেতা খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও যুবলীগ নেতা সেলিম সিকদার বলে জানা গেছে।
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, পৌরসভাসহ সকল ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত মির্জাপুরে খন্দকার নাইম হোসেন সভাপতি ও মো. সাদ্দাম হোসেন (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এটিই ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার বর্তমান বৈধ কমিটি। মীর আসিফ অনিক সভাপতি ও শরিফুল ইসলাম শরিফ সাধারণ সম্পাদক গ্রুপ নামে ছাত্রলীগের এই কমিটির কোন ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী। কাজেই তাদের সমাবেশ করার কোন এখতিয়ার নেই।
 
ইত্তেফাক/জামান