ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৮:০৭
 
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়।
 
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১ মিনিট নিরবতা পালন করেন।
 
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগর উত্তর ও দক্ষিণের অধীন বিভিন্ন থানা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
 
এর আগে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরে সাংগঠনিক সকল শাখায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
 
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগামী শনিবার সরকারি ছুটির দিনে রাজধানীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর