সাদামাটা ঢালিউডের বৈশাখ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩১

g বিনোদন রিপোর্ট

 

ঢালিউডে গত কয়েক বছর ধরে বইছে মন্দা হাওয়া। মাঝে ঢাকঢোল পিটিয়ে সিনেমা মুক্তি বা বছরে একটি সিনেমার জন্য হলে উপচে পড়া ভিড় ছাড়া ঢালিউডে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক ঘটনা নেই। অন্যদিকে প্রতি বছর কমছে সিনেমার সংখ্যা। সেই ধারাবাহিকতায় এই বছরের শেষেও সিনেমার সংখ্যাটা কম হবে তা বছরের এই চার মাসে পার করেই বলা যায়। কারণ এখন পর্যন্ত যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘ফাগুন হাওয়ায়’, ‘যদি একদিন’, ‘দাগ হূদয়ে’ ও ‘রাত্রির যাত্রী’। তবে এই ক’ মাসের মন্দ হাওয়ার পর এবার বৈশাখী উত্সবে রঙিন হয়ে উঠবে ঢালিউড পাড়া এমনটাই জানা গিয়েছিল। মুক্তির তালিকায় ছিল শাকিব খানের ‘শাহেনশাহ’, তারিক আনাম খান ও স্পর্শিয়ার ‘অন্য বসন্ত’ ও তাসকিন ও সেমন্তী সৌমি অভিনীত ‘বয়ফ্রেন্ড’। এরমধ্যে শাকিবের ‘শাহেনশাহ’ ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। কারণ এই বছর এখন পর্যন্ত শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই এই বৈশাখে যে শাকিব তার চমক দেখাবেন সেই অপেক্ষায় ছিল দর্শকেরা। কিন্তু শেষ পর্যন্ত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হলো বৈশাখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। অন্যদিকে আরো দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ সময়ে এসে জানানো হলো মুক্তি পাবে না ‘অন্য বসন্ত’।

দুটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে একই কথা। তাদের মতে, আর ক’দিন পর শুরু হচ্ছে রমজান মাস। দেশের সিনেমার এই মন্দা সময়ে একটি সিনেমা বেশিদিন হলে না রাখতে পারলে প্রযোজকদের লোকসানের হিসাবটাই করতে হবে। তাই যেহেতু সামনে ঈদের মতো এক বড় উত্সব অপক্ষো করছে, সেই সময় সিনেমা মুক্তি দিতে চায় তারা। কিন্তু ঈদের মতো উত্সবে শাকিব খানের বিপরীতে সিনেমা মুক্তি কতটুকু ব্যবসায়িক সফলতা নিয়ে আসবে সেই হিসাবটা হয়তো আবারো পুনরায় করতে হবে অন্য প্রযোজকদের। কারণ ঢালিউডে শাকিব খানের জনপ্রিয়তা এখনো প্রযোজকদের ভরসার জায়গা। এই প্রসঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও বিভিন্ন গণমাধ্যমে একই মন্তব্য করছেন। হল সংখ্যা বাড়ানো, হল সংস্কারে সরকারের পদক্ষেপ নিয়ে অনেক কথা তারা বললেও এখন পর্যন্ত কোনো সফলতার ঘটনা নেই। তাই চলচ্চিত্রের এই মন্দা হাওয়াটা আর কতদিন বইবে সেই প্রশ্নেও নিশ্চুপ তারা।