পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ নাটক ‘উহা একটি প্রেম ছিল’। প্রচারিত হবে এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম। এক ঘণ্টার এই নাটকে অভিনয় করেছেন সজল, শার্লিন ফারজানা, শামীমা নাজনীন, জুবায়ের জাহিদ, আলামিন প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, রাতুল একটা বায়িং হাউসে ভালো বেতনের চাকরি করে। অফিসের জরুরি একটা মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সকালবেলা দ্রুত বের হতে গিয়েই রাতুলের ফোনে অপরিচিত একটা নম্বর থেকে মেসেজ আসে। স্বাভাবিকভাবেই রিপ্লে দিয়ে রুম থেকে বের হতেই একটা অপরিচিত কল। অপর প্রান্ত থেকে ভেসে আসা একটা মেয়ের কণ্ঠ রাতুলকে ওলট পালট করে দেয়। জগতের সমস্ত ভাবনা বাদ দিয়ে নিজের অজান্তেই রুমে ফিরে আসে সে। চোখের সামনে ভেসে ওঠে এক জীবনে কাউকে না বলতে পারা একটা অমীমাংসিত সংলাপ, ফেলে আসা কলেজ লাইফ, দীর্ঘ ছয়-সাতটা বছর নিজের সঙ্গে যুদ্ধ করার স্মৃতি। তুলি নামের মেয়েটি রাতুলকে সারা জীবন শুধু বন্ধু ভেবেই এসেছিল, এতটা বছর পরে এসে রাতুল আজ ফোনের মাধ্যমেই বলে দেয় না বলা কথাটা। এমনই এক গল্পে এগিয়ে চলবে নাটক।
