লক্ষ্মীপুরের রামগতির চরগাজীতে ইউপি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ কমান্ডারকে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় ৪ র্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় র্যাবের দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত র্যাব সদস্যদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র্যাব সদস্যরা হলেন, সাখাওয়াত, শাহীন, মফিজুল ইসলাম ও শহীদ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, সাদা পোশাকে ৪ জন লোক ইউপি সদস্য ফরিদের বাড়ীতে গিয়ে তার হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে আসছিলে। এ সময় তার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে আটক করে মারধর করে।
র্যাব ১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, র্যাবের গোয়েন্দা শাখার একটি টিম তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, ‘আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবে শুনেছি, ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’
ইত্তেফাক/নূহু
