g বিনোদন রিপোর্ট
আলিয়া ভাটকে দেখা যাবে ‘বাহুবলি’ সিনেমার পরিচালক এস এস এস রাজামৌলির সঙ্গে। ‘আরআরআর’ শিরোনামের এই সিনেমার প্রস্তুতি চলছে এখন। নতুন এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা যথেষ্ট কঠিন চরিত্র। কিন্তু আশা করছি, আমি ভালোভাবে কাজটা করতে পারব, কারণ কাজটা করে আনন্দ পাচ্ছি।’ সিনেমাটিতে আলিয়া ছাড়াও রয়েছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। আলিয়া বলেন, ‘আমি চিরদিনই রাজামৌলির সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। এবার আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি যেসব বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করতে চাই, তাদের অন্যতম হলেন রাজামৌলি। শুধু ‘বাহুবলি’র জন্য নয়, তার কল্পনাশক্তির জন্য। ‘মগধিরা’ হোক বা ‘ইগা’—প্রতিটা ভাবনাই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তিনি সত্যিই একজন শিল্পী এবং তিনি জানেন যে দর্শকের জন্য সিনেমাটা কিভাবে নির্মাণ করতে হয়।’ আলিয়া আপাতত ১৭ তারিখের অপেক্ষায় আছেন। কারণ ওইদিন মুক্তি পাবে তার সিনেমা ‘কলঙ্ক’। সিনেমাটির প্রযোজনা করেছেন করণ জোহর। আলিয়া ছাড়া সিনেমায় আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সোনাক্ষি সিনহা, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।
