ফতুল্লার বক্তাবলীতে একটি ইটভাটায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজাপুর গ্রামের আশিক ব্রিকফিল্ড থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দেলোয়ার ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। তার দুই মেয়ে ও স্ত্রী আছে। তিনি ইটখোলার ট্রলার চালক ছিলেন বলেও জানা যায়।
নিহত শ্রমিকের ছোট ভাই জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি তার বড় ভাই দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বেলা ১২টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আশিক ব্রিকফিল্ডে এসে মরদেহ শনাক্ত করি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, নিহত ব্যক্তির শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের পাশে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইটভাটার মালিক অলিউল্লাহ, কর্মকর্তা ও শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি। আশিক ব্রিকফিল্ড এর মালিক অলিউল্লাহ মোবাইল ফোনে জানান, হত্যাকান্ড কিভাবে হয়েছে তা তিনি জানেন না। ভয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। হয়রানির আতঙ্কে তার প্রতিষ্ঠানের কর্মচারী ও শ্রমিকরা পালিয়ে গেছে।
ইত্তেফাক/রেজা
