কাতারের ক্লাব আল গারাফায় স্নেইডার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:৫৯
কাতারের পেশাদার লিগের ক্লাব আল গারাফায় যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক তারকা ওয়েসলি স্নেইডার। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে ডাচ এই অভিজ্ঞ স্ট্রাইকারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি স্নেইডার ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের হয়ে খেলেছেন। 
 
৩৩ বছর বয়সী স্নেইডার রিয়ালের হয়ে লা লিগা শিরোপা ছাড়াও ইন্টারের হয়ে সিরি-এ ও ২০১০ সালের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ১৩৩টি ম্যাচ যা তাকে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড উপহার দিয়েছে। স্পেনের বিপক্ষে ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে তিনি ডাচ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 
 
কাতারি লিগে আল গারাফা ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝিতে অবস্থান করছে। আগামী ১২ জানুয়ারি লিগে আল আহলির বিপক্ষে হয়তবা এই মিডফিল্ডারের অভিষেক হতে পারে। সবচেয়ে বড় তারকা হিসেবে এই লিগে অংশ নিচ্ছেন বার্সেলোনার সাবেক সেন্ট্রাল মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। আল সাদের হয়ে খেলা জাভি হয়তবা মৌসুমের শেষেই অবসরের ঘোষণা দিতে পারেন। 
 
ইত্তেফাক/কেআই