যশোরের ঝিকরগাছায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিটন হোসেন বাবু ওরফে পালসার বাবু (৩৫) নামে ৬ মামলার আসামি নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে। এ সময় র্যাবের দুই সদস্যও আহত হন। তারা হলেন, কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব।
র্যাব-৬, যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া জানান, গোপনসূত্রে অস্ত্র বেচাকেনার খবর পেয়ে শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের রিফিউজি পাড়ায় র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে সন্ত্রাসী পালসার বাবু নিহত হন। এছাড়া র্যাবের দুই সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, নিহত বাবুর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
ইত্তেফাক/কেকে
