উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভিশন সেন্টার উদ্বোধন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০৭

 

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলার জনগণের দোরগোড়ায় উন্নত চক্ষুসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রা শুরু করলো ‘ভিশন সেন্টার’ বা প্রাথমিক চক্ষু চিকিত্সা কেন্দ্র। এ চিকিত্সা কেন্দ্র স্থাপনের ফলে স্থানীয় জনগণ এখন দূরবর্তী শহরে না গিয়ে সহজেই চোখের প্রাথমিক ও আধুনিক চিকিত্সা করাতে পারবে। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থাপিত এই চক্ষু সেবা কেন্দ্রটি পরিচালনা করবে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল।

সম্প্রতি উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর বাংলাদেশ চেয়ার অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সাবেক পরিচালক ডা. খালেদা ইসলাম, আইএপিবি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চেয়ার ডা. তারাপ্রসাদ দাস, এশিয়া প্যাসিফিক অফথালমিক সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, ডিরেক্টর অব প্রোগ্রামস মোহাম্মদ আলাউদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জেরিন খায়ের এবং স্বাস্থ্য অধিদপ্তর ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের কর্মকর্তারা। - প্রেস বিজ্ঞপ্তি