দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে: ড. খন্দকার মোশাররফ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যত চেষ্টা যত ষড়যন্ত্রই করা হোক না কেন নির্দলীয় সরকারের দাবি আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। জনগণই যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তাহলে সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন। উদ্দেশ্য একটাই ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ কোনো কিছুতেই ছাড় দিচ্ছেন না। তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কথা স্পষ্ট, বারবার জনগণকে ধোকা দেয়া যাবে না। জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে।
 
রবিবার জাতীয় প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ প্রতিবাদ সভার আয়োজন করে। কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলার সভাপতিত্বে বক্তব্যে দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাদা দলের সভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।
 
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সভা সমাবেশ করার অনুমতি পাই না। আমাদেরকে বলা হয় সভা সমাবেশে যানজট সৃষ্টি হবে। অথচ তারা বেশ কয়েক জায়গায় সভা সমাবেশ করে যানজট সৃষ্টি করছে। যা চলতে পারে না। বেশিদিন চলতে দেয়া যায় না।
 
ইত্তেফাক/এমআই