চেলসি-আর্সেনালের জয় আলো কাড়লেন ‘নতুন রোনালদো’

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:০৯

স্পোর্টস ডেস্ক

শিরোপাপ্রত্যাশী আর্সেনাল ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে নিজেদের মাঠে ন্যাপোলিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছে। আরেক ইংলিশ দল চেলসিও জয় নিয়ে ফিরেছে স্লাভিয়া প্রাহার মাঠ থেকে । তবে বড়দের এমন রাতে বেনফিকার ‘নতুন রোনালদো’ হোয়াও ফেলিক্স প্রতিযোগিতাটিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন।

ফেলিক্স গত বৃহস্পতিবার রাতে জার্মান দল এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠে ২১তম মিনিটেই পেনাল্টি থেকে বেনফিকাকে এগিয়ে দেন। ৪১ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান লুকা জোভিচ। এরপর ফেলিক্স আরো দুই গোল করে ১৯ বছর ১৫২ দিনে হ্যাটট্রিক করে ইউরোপার ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন।

রুবেন দিয়াস এরপর ফেলিক্সেরই বাড়ানো বল থেকে দলের অগ্রগামিতা বাড়ালেও, ফ্রাঙ্কফুর্ট ফরোয়ার্ড গনকালো পাসিয়েন্সিয়ার লক্ষ্যভেদে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে বেনফিকা।

অভিষেকের পর থেকেই দারুণ পারফরমেন্সের সুবাদে নতুন রোনালদো উপাধি পেয়ে গেছেন পর্তুগিজ গণমাধ্যমে। ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপীয় জায়ান্টদের নজরেও চলে এসেছেন তিনি। তবে এমন পারফরমেন্সের পরেও বেনফিকা কোচ ব্রুনো লাগের বিশ্বাস আরো উন্নতির জায়গা আছে তার। তিনি বলেন, ‘সে যখন এর চেয়েও বেশি ধারাবাহিক হবে তখনই সে দারুণ খেলোয়াড় হতে পারবে।’

বেনফিকা কোচ তাকে এখনই বিশেষ কিছু মানতে নারাজ। তিনি বলেন, ‘তাকে এখনই সুপারহিরো বানিয়ে দেবেন না। তার প্রতিভার বিকাশে তাকে আরো মানসিক শান্তি দিতে হবে আমাদের। তখনই সে আমাদের আনন্দে ভাসাতে পারবে।’

কোচ উনাই এমেরির দল এমিরেটস স্টেডিয়ামে মিডফিল্ডার অ্যারন রামসের লক্ষ্যভেদ ও ন্যাপোলি ডিফেন্ডার কালিদু কৌলিবালির আত্মঘাতী গোলে প্রথমার্ধের মাঝামাঝি সময়েই দুই গোলে এগিয়ে যায়। পরে ফরোয়ার্ডরা ব্যর্থ না হলে আর্সেনাল লড়াইটি ন্যাপোলির ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যেতে পারতো।

তা না হওয়ায় কোচ এমেরি এই লড়াইটাকে এখনো সমান সমানই দেখলেন।

ন্যাপোলির মাঠে ফিরতি কঠিন প্রতিদ্বন্দ্বিতাই আশা করছেন আর্সেনাল কোচ। তিনি বলেন, ‘আমরা জানি সেখানে পরিস্থিতি কঠিনই হবে। এ মৌসুমে নিজেদের মাঠে তাদের পারফরমেন্স বরাবরই ভালো। এই পর্বের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য তারা তাদের সম্ভাবনার সবটুকু ব্যবহার করবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা চালিয়ে যাওয়া।’

এদিকে চেলসি প্রতিপক্ষের মাঠে বেশ কঠিন সময় পার করেও স্লাভিয়া প্রাহার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে। ম্যাচের শুরু থেকেই চেক দলটির মুহুর্মুহু আক্রমণের মুখে পড়া ব্লুজরা ম্যাচে টিকে ছিল গোলরক্ষক কেপা আরিজাবালাগার নৈপুণ্যে। ম্যাচের শেষ দিকে উইলিয়ানের ক্রসে মাথা ছুঁইয়ে মার্কোস আলন্সো লক্ষ্যভেদ করলে ১-০ গোলের জয় পায় চেলসি। প্রতিযোগিতার অন্য ম্যাচে স্প্যানিশ দ্বৈরথে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।