স্পোর্টস ডেস্ক
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে ফিরে আসায় খুশি চেলসি তারকা এডেন হ্যাজার্ড। বেলজিয়াম স্ট্রাইকারটি রিয়ালে চলে যেতে পারেন, এমন গুঞ্জনের মধ্যেই কোচ জিদানের প্রশংসা করলেন। এর মধ্য দিয়ে গুঞ্জনটি বাড়তি মাত্রা পেল।
তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নই। কিন্তু জিদানের সমর্থক হিসেবে আমি খুবই আনন্দিত যে, তিনি ফিরে এসেছেন। কারণ ফুটবল জিদানকে চায়। রিয়ালের জন্য এটা ভালো। রিয়ালের সমর্থকদের জন্যও এটা ভালো। অন্য দলগুলোর জন্য যদিও কিছুটা কম। কারণ জিদানকে নিয়ে রিয়াল অনেক জিতেছে।’
হ্যাজার্ডের রিয়ালে যাওয়ার ব্যাপারে কয়েকমাস ধরেই আলোচনা হচ্ছে। প্রকাশিত খবরাদিতে বলা হচ্ছে—মাদ্রিদের ক্লাবটি তাকেই ক্রিশ্চিয়ানো রোনালদো সত্যিকারের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছে। জিদান গত মাসে রিয়ালে ফিরে আসার পর বিশেষ করে এ আলোচনাটা নিয়মিতভাবেই হচ্ছে।
চেলসি তারকাও এর আগে মাদ্রিদের ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে রেখেছিলেন। তবে সর্বশেষ তিনি নিজের ভবিষ্যত্ নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি। এমনকি এরকম কিছুও বলেননি যে, চেলসিতে তার সময় শেষ হয়ে আসছে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ইতালিয়ান কোচ মাউরিজিও সারিও বিষয়টি মেনে নিয়ে বলেছেন বেলজিয়টি চলে যেতে চাইলে তাকে ধরে রাখা কঠিন হবে।
