স্পোর্টস ডেস্ক
ব্রাজিলীয় তারকা নেইমার এই মৌসুম শেষে পিএসজি ছাড়বেন না, বরং ফ্রান্সের রাজধানীতেই দীর্ঘ ক্যারিয়ার গড়বেন বলে জানালেন তার বাবা নেইমার সিনিয়র।
বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৭ সালে পিএসজিতে এসেছিলেন নেইমার। এরপর থেকে বহুবারই তার দল ছাড়ার গুঞ্জন উঠেছে। যাতে তার বার্সায় ফেরার পাশাপাশি ছিল চিরপ্রতিদ্বন্দ্ব্বী রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও।
রাশিয়া বিশ্বকাপের পর চোটের কারণে এই মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন এই তারকা। এই সময়ে তার দলবদল নিয়ে গুঞ্জন আরো ঘনীভূত হয়েছে। তবে এসবকে নেহায়েত গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।
তিনি বলেন, ‘পিএসজির সঙ্গে তার চুক্তিটি বেশ দীর্ঘ। আমরা কেবলই দ্বিতীয় মৌসুমে আছি এবং এটা এখনো শেষ হয়ে যায়নি। চুক্তির অর্ধেকও শেষ করিনি আমরা।’
নেইমার সিনিয়রের মতে নেইমারের মতো খেলোয়াড়ের ক্লাবছাড়ার গুজব না থাকাই বরং অবাক হবার মতো বিষয়। তিনি বলেন, ‘এমন গুজব সবসময়ই থাকবে। কেননা নেইমারের মতো খেলোয়াড় যাকে কিনা অনেক বড় বড় ক্লাব পেতে চায়, তার গুজব বেরোবে না এমন হতেই পারে না।’
সিনিয়র নেইমার জানান, তার ছেলে আগের মতোই দলের প্রতি অনুগত। তার ভাষায়, ‘দুই বছর আগে যেমন সে এখানে থাকতে চেয়েছিল, এখনো তা এমনই আছে। সুতরাং তার ভক্তরা শান্তিতে ঘুমাতে পারেন। নেইমার পিএসজি ছাড়তে চায় না , সে এখানে খেলা চালিয়ে যেতে চায় এবং ক্লাবকে আরো শিরোপা জেতাতে চায়।’
