রাজস্থান রয়্যালসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার রাতে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের এই জয়ে অধিনায়ক হিসেবে আইপিএলে শততম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি। তবে নিজের রেকর্ড গড়া ম্যাচে মেজাজ হারিয়ে জরিমানার কবলে পড়লেন ‘মিস্টার কুল’ খ্যাত ধোনি। আইপিএলের আচরণবিধির ভঙ্গের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ধোনিকে। ম্যাচের শেষ ওভারে একটি নো-বলকে কেন্দ্র করে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ধোনি। যা আইপিএলের ‘লেভেল-২’ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ম্যাচ ফির জরিমানার কবলে পড়লেন ধোনি। ধোনির রেকর্ড ও জরিমানার ম্যাচে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই। বেন স্টোকসের শেষ ডেলিভারি থেকে ছক্কা মেরে চেন্নাইকে জয় এনে দেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
