বোলারদের প্রশংসায় ডু-প্লেসিস

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:০৬
জয়ের জন্য ভারতকে ২০৮ রানের টার্গেট দিয়ে পেসারদের হাত ধরে কেপ টাউন টেস্টে দুর্দান্ত এক জয়ের স্বাদ নিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বিশেষভাবে ডান-হাতি পেসার ভারনন ফিলান্ডার। পুরো ম্যাচে ৭৫ রানে ৯ উইকেট শিকার করেন তিনি। এছাড়া অন্য বোলারদেরও অবদান ছিলো চোখে পড়ার মত। তাই সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য বোলারদেরই কৃতিত্ব দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘বোলারদের দুর্দান্ত পারফরমেন্স আমাদের দারুন এক জয়ের স্বাদ দিলো। বিশেষভাবে ফিলান্ডার। অসাধারন বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছে সে।’ 
 
প্রথম ইনিংসে ২৮৬ রান করলেও ভারতীয় বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৩০ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাই ভারতের সামনে জয়ের জন্য ২০৮ রানের টার্গেট দিতে পারে প্রোটিয়ারা। টার্গেট মামুলি হলেও, এই নিয়ে লড়াই করার মানসিকতা দেখান দক্ষিণ আফ্রিকার তিন পেসার ফিলান্ডার, মরনে মরকেল ও কাগিসো রাবাদা। ডেল স্টেইনের না থাকাটাও অনেক বেশি চিন্তার কারণ ছিলো তাদের। 
 
কিন্তু সকল চিন্তা দূর করে দেন ফিলান্ডার, মরকেল ও রাবাদা। ভারতীয় ব্যাটসম্যানদের সামনে বল হাতে বারুদ ছুড়েছেন তারা। তাই ১৩৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন ফিলান্ডার। ২টি করে উইকেট নিয়েছেন মরকেল ও রাবাদা। তিন পেসারের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে প্রোটিয়ারা। 
 
তাই বোলারদের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস, ‘এ ম্যাচে অনেকবারই আমাদের কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। বিশেষভাবে ভারতের সামনে টার্গেট বড় দিতে না পারাটা ছিলো অনেক বড় চিন্তার। কিন্তু বোলাররা দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে। ২০৮ রানের পুঁিজ নিয়ে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ছিলো বোলারদের। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন করে দেখিয়েছে তারা। বিশেষভাবে ফিলান্ডার। অবিশ্বাস্য সব ডেলিভারি ছিলো তার। ফিলান্ডার ৬টি উইকেট নিয়েছে ঠিকই কিন্তু তার আরও উইকেট প্রাপ্য ছিলো। ডেল স্টেইন না থাকার পরও যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে অন্য তিন পেসার। এটি প্রশংসার দাবী রাখে। স্টেইনের জন্য আমাদের খারাপ লাগছে। আশা করি খুব দ্রুতই সে দলে ফিরবে।’
 
বোলাররা ম্যাচ জেতালেও ব্যাটসম্যানদের পারফরমেন্সে খুশী নন ডু-প্লেসিস। ব্যাটম্যানদের আরও সর্তক হবার পরামর্শ দিলেন তিনি, ‘আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রতিদিন বোলাররা ম্যাচ জেতাবে না। এ টেস্টে কঠিন সময়ে বোলাররা দলের হাল ধরেছে। এভাবে সিরিজের বাকী ম্যাচগুলোতে দলের হাল ধরতে হবে ব্যাটসম্যানদের। দায়িত্ব নিয়ে বড় বড় ইনিংস খেলতে হবে সবাইকে।’
 
সিরিজের বাকী দু’টেস্টে ভারতের উপর আধিপত্য বিস্তার করে খেলতে চান ডু-প্লেসিস। কেপ টাউন টেস্টে জয় প্রোটিয়া দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি, ‘এভাবে ম্যাচ জয় সবসময়ই আনন্দের। অল্প রানের টার্গেট নিয়ে বোলাররা যেভাবে জিতিয়েছে, এতে সবার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। জয় দিয়ে সিরিজ শুরু করাটা সত্যিই অনেক বড় ব্যাপার। সিরিজের বাকী দু’ম্যাচে আরও ভালো খেলবো আমরা এবং ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলবো। অবশ্য প্রথম টেস্ট হেরে অনেক বেশি চাপে পড়ে গেছে ভারত।’ 
 
সেঞ্চুরিয়ানে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু হবে।
 
ইত্তেফাক/ রেজা