পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে লন্ডনে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলাকের দুটি ছবি ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার থাই পররাষ্ট্র মন্ত্রী ডন প্রামুদোয়াইনাই পলাতক সাবেক প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে অবস্থানের কথা নিশ্চিত করেন। ছবি দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রীকে লাল কোট পরিহিত এক নারীর সঙ্গে লন্ডনের হ্যারড ডিপার্টমেন্ট স্টোরে এবং অন্যটিতে তাকে ওয়েস্টফিল্ড শপিং মলের কাছে দেখা গেছে।
সাংবাদিকরা দুটির সত্যতা নিশ্চিত করতে না পারলেও থাইল্যান্ডের পুলিশ পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে, ছবিগুলো আসল। ইংলাকের সঙ্গে থাকা নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা। রাষ্ট্রীয় টাকায় চাল কেনায় অনিয়মের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ইংলাকের অনুপস্থিতিতে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
IMG0
রায়ের পর থেকে ইংলাকের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইংলাকের দলের শীর্ষ নেতারা পরে জানান, সাবেক এ প্রধানমন্ত্রী থাইল্যান্ড ছেড়ে নির্বাসিত ভাই থাকসিন সিনাওয়াত্রার দুবাইয়ের বাড়ি চলে গেছেন। কারাদণ্ড কিংবা দেশ ছেড়ে যাওয়া কোনো বিষয়েই ইংলাকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/মোস্তাফিজ
