স্পোর্টস রিপোর্টার
আগামী মাসেই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দলকে হতাশায় পুড়িয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান। এশিয়ার উদীয়মান শক্তি আফগানদের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা অনেক। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ যে কোনো দলের জন্য হুমকি স্বরূপ।
হাল সময়ে ক্রিকেট বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খান, মুজিব উর রহমানদের সঙ্গে অফস্পিনার মোহাম্মদ নবী রয়েছেন। তিনজনই এখন আইপিএলে খেলছেন। দেশটির সাবেক অধিনায়ক নবী বলেছেন, বিশ্বকাপেও ভালো করবে আফগান স্পিনাররা। আইপিএলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আত্মবিশ্বাস যোগাবে তাদের।
ইংল্যান্ডের মাটিতেও খেলেছেন রশিদ খান ও নবী। গত বছর ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে যথাক্রমে লিস্টারশায়ার ফক্সেস এবং সাসেক্স শার্কসের হয়ে খেলেছেন তারা। আসন্ন মৌসুমের জন্য মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছেন মুজিব।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা নবী বলেছেন, ‘রশিদ ও মুজিব উইকেট শিকারী বোলার এবং আমি বেশি রক্ষণাত্মক হওয়ায় অনেক বেশি ডট বল করতে সক্ষম ফলে আমাদের বোলিং রসায়নটা খুব ভালো।’
ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় এ বছর কেন্টের হয়ে খেলতে যাওয়া নবী আশা করছেন দ্রুত কন্ডিশনে মানিয়ে নিতে পারবে আফগান দল। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘আশা করছি আমরা দ্রুতই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।’
বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান দলের অধিকাংশ সদস্য বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন ক্যাম্প করছে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল আফগানরা।
