দৌলতপুরে মধ্যবয়সীর লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭
 
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি ঘোনাপাড়া থেকে কাবুল হোসেন (৪৫) নামে এক মধ্যবয়সীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় এ লাশ উদ্ধার করা হয়।
 
নিহত কাবুল হোসেন উপজেলার পাকুড়িয়া দহপাড়া গ্রামের আজিতুল্লাহ্ মণ্ডলের ছেলে।
 
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহিষকুণ্ডি ঘুনাপাড়া এলাকার একটি সরিষা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, কাবুল হোসেন মাদকব্যবসার সাথে জড়িত ছিল। হয়ত মাদকব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরো জানান, নিহত কাবুলের নামে দৌলতপুর থানায় দুটি অস্ত্র মামলা আছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে, পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
ইত্তেফাক/জামান