‘ইশতেহারে প্রতিবন্ধীদের জন্য চাকরির কোটা উল্লেখ করার আহ্বান’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০৮

চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা সংস্কার নিয়ে যে ধূম্রজাল তৈরি করা হয়েছে তার অবসান এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কমপক্ষে ৩ শতাংশ হারে চাকরির সুযোগ রাখার কথা উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রদান অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, চিত্রনায়ক ও উদ্যোক্তা অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা, শিল্প উদ্যোক্তা সুমন ফারুক, অধ্যাপক আবু রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও লে. কর্নেল (অব.) জুলফিকার আলী মজুমদার প্রমুখ। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন অভিনেতা অনন্ত জলিল।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আশা করি সমাজের অন্য বিত্তবান উদ্যোক্তারাও পিছিয়ে পড়া এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানে এগিয়ে আসবেন। অনন্ত জলিল বলেন, আমরা প্রথম পর্যায়ে এই তিনজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকরির সনদপত্র তুলে দিতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আরো কয়েক জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি