১শ’ আসনও পাবে না বিজেপি মমতা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:১৯

 

ভারতের বর্তমান লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ১০০ আসনও পাবে না বিজেপি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াঙে একটি জনসভায় তিনি এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার

পাহাড় অধ্যুষিত কাশিয়াঙ জনসভায় তৃণমূল নেত্রী বলেন, পাহাড়ের দাবি-দাওয়াকে কখনোই গুরুত্ব দেয়নি বিজেপি; কিন্তু তৃণমূল সবসময়েই এখানকার মানুষের সুখে-দুখে আছে। তাদের দাবি-দাওয়াকে তারা সবসময়ই গুরুত্ব সহকারে দেখেন। মুখ্যমন্ত্রী বলেন, কার্শিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করার কাজ শুরু হয়েছে। আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই। আপনাদের ইউনিভার্সিটি আমরা করে দেব।’ এর আগে দার্জিলিংয়ে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে জোরালো আক্রমণ করেন।

দার্জিলিংয়ে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অমর সিংহ রাই আর কংগ্রেসের শঙ্কর মালাকার। অন্যদিকে সেখানে বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।