পাকিস্তানের কোয়েটা শহরে বোমা হামলায় নিহত ২০

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:২০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে এক ফলের বাজারে বোমা হামলায় শুক্রবার কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৮ জন।  শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। খবর ডন ও সিএনএনের

বেলুচিস্তানের পুলিশ-প্রধান মহসিন বাট নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে আটজন শিয়া হাজেরা সম্প্রদায়ের অনুসারী রয়েছেন। এছাড়া একজন নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন।

এশিয়ার মধ্যাঞ্চলীয় শিয়া হাজেরা এ গোষ্ঠীর মানুষকে সহজেই চিহ্নিত করা যায়। সুন্নি উগ্রপন্থি গোষ্ঠীগুলো তাদের ধর্মদ্রোহী বলে বিবেচনা করে। ফলে হাজেরারা প্রায়ই এমন হামলার শিকার হয়ে থাকেন। কোয়েটার ২০ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে পাঁচ লাখই হাজেরা গোষ্ঠীর।

পুলিশপ্রধান জানান, ফলের বাজারে যাওয়ার সময় হাজেরা সম্প্রদায়ের মানুষকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। তিনি বলেন, সেদিনই একই কাজ করা হয়েছিল। তাদের পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছিল। তখনই বিস্ফোরণ ঘটে। এটা কী ধরনের হামলা তা তদন্ত করা হবে বলেও জানান পুলিশপ্রধান।

পুলিশের উপ-মহাপরিদর্শক আব্দুল রাজ্জাক চিমা বলেন, হাজেরা সম্প্রদায়কে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাঙ্গোভের দাবি, ওই হামলায় হাজেরাদের লক্ষ্য করা হয়নি। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারছি না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে কি না। হামলায় নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হাজেরাদের সংখ্যা  বেশি।’