অ্যাসাঞ্জের ‘ঘনিষ্ঠ একজন’ ইকুয়েডরে গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:২১

 

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া পলা রোমো। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা গ্রেপ্তার ব্যক্তির নাম ওলা বিনি বলে জানিয়েছেন।

সুইডিশ এ সফটওয়্যার ডেভেলপার কয়েক বছর ধরেই ইকুয়েডরে বসবাস করছিলেন; লন্ডনে দেশটির দূতাবাসেও তার নিয়মিত যাতায়াত ছিল বলে বিবিসি জানিয়েছে। বৃহস্পতিবার ওই দূতাবাস থেকেই অ্যাসাঞ্জকে টেনেহিঁচড়ে বের করা হয়। যুক্তরাজ্যে তার বিরুদ্ধে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগের বিচার শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে এ ‘হুইসেলব্লোয়ারের’ ১২ মাসের কারাদণ্ড হতে পারে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে কম্পিউটারে আড়িপাতার অভিযোগ আনা যুক্তরাষ্ট্র তাকে তাদের কাছে বহিঃসমর্পণেরও অনুরোধ জানিয়েছে। লন্ডনের দূতাবাস থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে আটকের কয়েক ঘণ্টা পরই ‘তার ঘনিষ্ঠ’ এক ব্যক্তিকে আটকের কথা জানায় ইকুয়েডর। “উইকিলিকসের সঙ্গে ঘনিষ্ঠ ইকুয়েডরে বসবাস করা এক ব্যক্তিকে সন্ধ্যায় জাপান যাওয়ার প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়,” বৃহস্পতিবার টুইটারে জানায় ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জিজ্ঞাসাবাদের জন্যই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রোমো।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, বিনিকে কুইতো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এ খবরে সুইডিশ এ সফটওয়্যার ডেভেলপারের বন্ধু ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ জানিয়েছেন। “সে গ্রেপ্তার হয়েছে শুনে আমি খুবই উদ্বিগ্ন। গোপনীয়তা রক্ষায় সে দৃঢ় সমর্থক এবং এ নিয়ে কাজ করে চলেছে; তাকে এখন পর্যন্ত কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি,” বলেছেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার মার্টিন ফাওলার। বৃহস্পতিবার সকালেই রোমো এক সংবাদ সম্মেলনে উইকিলিকসের ঘনিষ্ঠ এক ব্যক্তির ইকুয়েডরে অবস্থানের কথা জানিয়েছিলেন। প্রত্যুত্তরে তাত্ক্ষণিক টুইটে বিনি লিখেছিলেন,“উইচ হান্টিংয়ের কার্যক্রম যে শুরু হয়েছে, তা মন্ত্রীর মন্তব্যেই বোঝা যাচ্ছে।”