'স্বাধীনতা লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে পাকিস্তানিদের জ্বালানো অগ্নিকুণ্ডে পানি ঢেলে দিয়েছিলেন। তিনি ফিরে না আসলে বিজয়ের এক মাসের মধ্যে ১৪৪টি দেশের স্বীকৃতি বাংলাদেশ পেতো না।' বুধবার রাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মস্কোর একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু। বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. আশফাকুল ইসলাম বাবু, সংগঠনের উপদেষ্টা শাহ রিয়াজ মিতু, বিশ্বরুপ সানাল, সহ-সভাপতি বাহাউদ্দিন তালুকদার মিন্টু, গোলাম ফরিদ উদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ এলাহি প্রমুখ।
রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে পাঠ্যপুস্তকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। এতে করে পরবর্তী প্রজন্ম এই ভাষণের তাৎপর্য উপলব্ধি করতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাশিয়া প্রবাসী পরিষদের সভাপতি ড. শহিদুল হক সানু, বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ-আল-মামুন রাজীব, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিএইচডি গবেষক বারেক কায়সার, সংগঠনের রাশিয়া শাখার সহ-সভাপতি মুরারী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন, সাংগঠনিক সম্পাদক স্বরুপ দেব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে ফাঁসি দিয়ে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে যে সেলে রাখা হয়েছিল সেখান থেকে জানালা দিয়ে দেখা যেত কবর খোঁড়া হচ্ছে। এসব করা হতো তাকে চাপে ফেলার জন্য। কিন্তু তিনি কোনও দিন কোনও চাপের কাছে নতি স্বীকার করেননি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি বেলায়েত হোসেন।
ইত্তেফাক/নূহু
