প্রভু নয়, সেবক হতে হবে

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:২৪

নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু ১৯৭৫ সালে রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহের ভাষণে বলেছিলেন, ‘তোমরা জনগণের পুলিশ’। বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃত করে পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জনগণের প্রভু নয়, সেবক হয়ে কাজ করতে হবে। দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

তিনি বলেন, নবীন কর্মকর্তাদের পুলিশ বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে নবীন কর্মকর্তা এএসপি হালিমুল আলম ধন্যবাদ জ্ঞাপন করেন। অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৯৪ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন।