শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। জখম শিক্ষার্থী হলো জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহালাবাড়ি কাঁঠালীতলার মাহাতাব আলির ছেলে ও কানসাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈম আলি (১৫)। পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাঈম কানসাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বহালাবাড়ি কাঁঠালীতলা গ্রামে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত নাঈমের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিটি তার পিঠে লাগানো অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিত্সার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিবগঞ্জ থানার এস আই আরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
