বরিশাল অফিস
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্যোগে ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে এবার বৃহত্ পরিসরে পহেলা বৈশাখের আয়োজন করা হয়েছে। শতবর্ষ পেরিয়ে শিক্ষার আলো ছড়ানো দক্ষিণাঞ্চলের এ সর্বোচ্চ বিদ্যাপীঠের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এবারই প্রথম এ বিশাল আয়োজন করা হয়েছে। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকরা জানান, ১৩০ বছরের এ বিদ্যাপীঠের সঙ্গে তাদের অনেকেরই যোগাযোগ প্রায় ৬০ বছর। পূর্বের পহেলা বৈশাখে কলেজের শিক্ষক ও কর্মচারীরা মিলে স্বল্প পরিসরে বৈশাখের আয়োজন করতো। কিন্তু এবার সাজ-সজ্জা ও আয়োজনে শিক্ষার্থীরা যুক্ত হওয়ায় উত্সব বেড়েছে।
বিএম কলেজ বৈশাখ উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক ছাত্র নেতা আতিকউল্লাহ মুনীম জানান, বৈশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাসে আলপনা আঁকা হচ্ছে বৈশাখের আগের দিন। এরপর রাখী বন্ধন উত্সব, লাঠি খেলা, বায়োস্কোপ প্রদর্শন থাকছে দুপুর পর্যন্ত। বিকেলে কলেজ মাঠে মেলার আয়োজন ও সন্ধ্যা কনসার্টে গান পরিবেশন করবে এ্যাসেজ ব্র্যান্ড গ্রুপ। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধক থাকবেন বিএম কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার।
