মদনে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ১০

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:২৯

গ্রেপ্তারের ভয়ে লোকজন এলাকাছাড়া

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের কান্দার হাওরে জমি ও হাওরের বাঁধ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বিবেক মিয়া (৩৫) নামক এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকে গ্রেপ্তারের ভয়ে লোকজন এলাকাছাড়া। এই ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত মানিক, জমশেদ ও ইকবালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। কামরুল পক্ষের জাহাঙ্গীর নামক একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমশ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য বেবুল মেম্বারের সঙ্গে জমিজমা এবং হাওরের বাঁধ নির্মাণ নিয়ে একই গ্রামের কামরুল গংদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে মামলা-মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বেবুল মেম্বার তার লোকদের নিয়ে কান্দার হাওরে কাজ করতে গেলে কামরুলের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় বেবুল মেম্বার গ্রুপের বিবেক মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয় এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মদন থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকায় কামরুল পক্ষের জাহাঙ্গীর নামক একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।