মংলা বন্দরে ডুবে যাওয়া বার্জের আরো একজনের লাশ উদ্ধার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:২৯

মংলা (বাগেরহাট) সংবাদদাতা

মংলা বন্দরের সুন্দরবনের অভ্যন্তরে পশুর নদীর হারবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে লঞ্চ ও বার্জ ডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা পশুর নদীর সুন্দরবন সংলগ্ন চরাঞ্চল থেকে বার্জ পাহারাদার আ. লতিফ হাওলাদারের লাশ উদ্ধার করে।

এর আগে এদিন সকালে লঞ্চ ও বার্জের নিখোঁজ মংলার জয়বাংলা গ্রামের মো. শাহ আলম শেখ ও খুলনার লবণচোরা এলাকার জুয়েলের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার রাতে মংলা বন্দরের পশুর চ্যানেল হারবাড়িয়া এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ৬শ টন সার বোঝাই ‘হরদা’ বার্জ ও লঞ্চ এমএল আকতার ডুবে যায়। এ সময় দুই নৌযানে থাকা শ্রমিক-কর্মচারীদের মধ্যে অন্যরা সাঁতরে কূলে উঠতে পারলেও তিনজন নিখোঁজ থাকে।

মংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।