মেহেন্দিগঞ্জে জেলেদের বরাদ্দের ৯৩ বস্তা চাল সিলগালা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩১

বরিশাল অফিস ও মেহেন্দিগঞ্জ সংবাদদাতা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ৯৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দুদকে প্রতিবেদন দাখিল করবে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায় জানান, ৯৩ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনা মোতাবেক এ চাল জব্দ করা হয়েছে এবং রবিবার এ সংশ্লিষ্ট প্রতিবেদন প্রেরণ করা হবে। ইউনিয়ন চেয়ারম্যান উল্লেখ করেছেন তিনি ৪১২ কার্ডধারী জেলেদের জন্য চাল পেয়েছিলেন। এরমধ্যে ৩১৭ জনের চাল বিতরণের পর বৈরী আবহাওয়ার কারণে ৯৫ কার্ডের চাল বিতরণ সম্ভব হয়নি। এটি নতুন ইউনিয়ন হওয়ায় নিজস্ব কার্যালয় বা গোডাউন না থাকায় সুরক্ষার জন্য নিজের বাড়িতেই চাল রাখা হয়। গত বুধবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায়ের নেতৃত্বে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার রায় জানান, দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি নিয়ে অভিযোগ ছিল। তারই প্রেক্ষিতে চাল উদ্ধারে থানা পুলিশের সহায়তা অভিযান পরিচালিত হয়।