মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে পুলিশ কর্মকর্তা বদরুদ্দোজা মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বদরুদ্দোজা মাহমুদ চট্টগ্রাম মহানগর পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। বুধবার বদরুদ্দোজার নির্যাতনের শিকার হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রী রাজিয়া সুলতানা নিলা বৃহস্পতিবার রাতে মামলা করেন।
ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি এএফএস সায়েদ জানান, বদরুদ্দোজার মাহমুদ ২০১৭ সালের ১৬ মার্চ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এর আগেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ মাস আগে তাকে ডিবি থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। সেখান থেকে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তাকে চট্রগ্রামে বদলী করা হলেও এখনও তিনি চট্টগ্রামে যোগদান করেন নি।
রাজিয়া সুলতানার অভিযোগ, বখাটেদের নিয়ে তার স্বামী ইয়াবাসহ নানা ধরনের মাদক সেবন করতেন। বুধবারও মাদক সেবনকালে এর প্রতিবাদ করায় বদরুদ্দোজা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে ঘর তালাবদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, এসআই বদরুদ্দোজা মাহমুদ চট্রগ্রামে কর্মরত থাকায় ঢাকা জেলা পুলিশের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কোন এখতিয়ার ছিল না। পরবর্তীতে তার স্ত্রী নারী নির্যাতনের মামলা করলে বদরুদ্দোজাকে আইনের আওতায় আনা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
