হাটহাজারী সদরে ৩টি নকল স্বর্ণের বারসহ মো. নুরুল হাকিম(৩৬) নামে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ছাহেরা বেগম নামে প্রতারিত হওয়া এক মহিলা শুক্রবার তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি মামলা রুজু করেছেন। আটককৃতকে দুপুর সোয়া দুইটায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ৩ জানুয়ারি দুপুরে ছাহেরা বেগম হাটহাজারী বাসস্টেশন থেকে একটি অটোরিক্সাযোগে তার স্বামীর বাড়ী মনিয়া পুকুরপাড় যাচ্ছিলেন। এসময় প্রতারক নুরুল হাকিম ও তার ৩সহযোগী মিলে তাকে নকল স্বর্ণের বারের প্রলোভন দেখিয়ে দুই ভরি স্বর্ণালংকার, নগদ ১০হাজার টাকা ও একটি মোবাইল হাতিয়ে নেয়।
আবার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাহেরা বেগম হাটহাজারী বাসস্টেশন থেকে চট্টগ্রাম নগরীতে যাওয়ার সময় একটি অটোরিক্সায় উঠেন। এসময় প্রতারক নুরুল হাকিম ওই অটোরিক্সায় উঠলে ছাহেরা বেগম তাকে চিনতে সক্ষম হন। এসময় তিনি প্রতারক নুরুল হাকিমকে শার্টের কলার ধরে চিৎকার দেন। তৎক্ষণাৎ আশপাশে থাকা যাত্রীরা নুরুল হাকিমকে আটক করে।
এ সময় নুরুল হাকিমের কাছ থেকে আরো দুইটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। সবাই মিলে তাকে গণপিটুনি দিতে থাকে। সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে নুরুল হাকিমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রতারিত হওয়ায় ছাহেরা বেগমের দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। নুরুল হাকিম কক্সবাজার জেলার কক্সবাজার থানাধীন পিএমখালী পরাণিয়াপাড়ার মৃত সোলাইমানের পুত্র।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, নুরুল হাকিম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আটকে অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, অটোরিক্সার মহিলা যাত্রীদের টার্গেট করে স্বর্ণের বারের প্রলোভন দেখিয়ে এ প্রতারক চক্র স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেয়। তিনি এ বিষয়ে মহিলাদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
ইত্তেফাক/নূহু
