কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাইয়ের পুনট ইউনিয়নের ভুগোইল গ্রামে প্রতিবন্ধীকে (৭) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসানকে (৩৫) বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
শিশুটির বাবা বলেন, আমার সাত বছরের বাক ও বধির প্রতিবন্ধী মেয়েকে বৃহস্পতিবার ফুসলিয়ে মেহেদী হাসান তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে। বর্তমানে সে অসুস্থ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নীলিমা আফরিন অর্নিবাণ বলেন, আমাদের কাছে ধর্ষণের আলামত সংগ্রহের ব্যবস্থা নেই, তাই জয়পুরহাট আধুনিক হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য স্থানান্তর করা হয়।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার রায় বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে ভুগোইল গ্রামে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ ধর্ষণের অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
