বর্ষবরণে মাঠে থাকবে র্যাবের ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩৮

বিশেষ প্রতিনিধি

র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে র্যাবের মোবাইল কোর্ট মাঠে থাকবে। এবারই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে র্যাব। সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়। গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় র্যাবের গোয়েন্দা কার্যক্রম। আজ শনিবার থেকে পূর্ণাঙ্গভাবে মনিটরিং করা হবে যা চলবে নববর্ষের রাত দশটা পর্যন্ত। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, সার্বিক দিক দিয়ে রাজধানীতে যতো ভেন্যু আছে সেগুলো নিরাপদ রাখার জন্য শতভাগ ব্যবস্থা নিচ্ছি। বড় ভেন্যুগুলোর সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্য আমরা কন্ট্রোলরুম স্থাপন করেছি। বড় ভেন্যুতে মোবাইল কোর্টসহ মেডিক্যাল টিম থাকবে, যাতে দেশের মানুষ নিবিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে। এ ছাড়াও পহেলা বৈশাখ উদযাপন নিয়ে রমনা বটমূলসহ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাব-৩।