আলোচনা, সম্মাননা ও সুরের মূর্ছনায় প্রতিষ্ঠার ৪২বছর উদযাপন করেছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সংগঠনের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনার পর উদ্বোধনী সংগীত ‘আমরা ঋষিজ করি’ সম্মেলক কণ্ঠে পরিবেশন করে আয়োজক সংগঠনের শিল্পীরা।
সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাত গুণীকে ঋষিজ সম্মাননা প্রদান করে সংগঠনটি। সম্মাননাপ্রাপ্তরা হলেন- উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ মতিউল হক খান, নাট্যকলায় আতাউর রহমান, চারুকলায় নিসার হোসেন, রবীন্দ্র সংগীতে তপন মাহমুদ, নজরুল সংগীতে খায়রুল আনাম শাকিল, আবৃত্তি ও অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায় ও লোকসংগীতে বাউল শফি মন্ডল। সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড.গওহর রিজভী। সার্টিফিকেট তুলে দেন ড. মুহাম্মদ সামাদ ও উত্তরীয় পরিয়ে দেন ঋষিজ সভাপতি ফকির আলমগীর। বাউল শফি মন্ডল অসুস্থ থাকায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ছেলে জয় মন্ডল।
আলোচনা ও সম্মাননা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এ পর্বের শুরুতেই সম্মেলক কণ্ঠে ঋষিজের শিল্পীরা পরিবেশন করে ‘মানুষের মাঝে বসবাস করি’ ও ‘ভয় কি মরনে’ দুটি গান। এরপর সম্মেলক কণ্ঠে উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘তুমি মানুষ আমি মানুষ, সকলে এক মায়ের সন্তান’ ও ‘আমরা করবো জয়’।
এছাড়া সম্মেলক কণ্ঠে আরো সঙ্গীত পরিবেশন করে ক্রান্তি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আওয়ামী শিল্পীগোষ্ঠী ও স্ব-ভূমি, আনন্দন’ এর শিল্পীরা। সবশেষে একক সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয়েছে প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ার ও প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুকে।
চলছে তিন দিনব্যাপী শচীন দেববর্মণ সংগীত উত্সব
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় শচীন দেববর্মণ সংগীত উত্সবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। বহ্নিশিখা পরিবেশন করে ‘শোনো গো দখিনা হাওয়া’ গানের সাথে সম্মেলন নৃত্য; নৃত্য পরিচালনায় সাহিদা রহমান সুরভী। একক সংগীত পরিবেশন করে- ইফফাত আরা নার্গিস, প্রিয়াংকা গোপ, সুমন চৌধুরী, মামুন জাহিদ খান, আজফারুল ইসলাম সূর্য, আবিদা রহমান সেতু। ভারতের কলকাতা থেকে আগত ভাবনা ড্যান্স একাডেমি শচীন দেববর্মণ-এর আধুনিক, লোক ও চলচ্চিত্রের সঙ্গীতের সাথে সম্মেলক নৃত্য পরিবেশন করে। নৃত্য পরিচালনায়- দীপঙ্কর দত্ত।
আজ রবিবার সন্ধ্যা ৬টায় একই মিলনায়তনে সমাপ্তি দিনে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ উত্সবে অংশগ্রহণ করবেন।
