বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রণব মুখার্জির

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:০৪
ঢাকায় সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আবারো পরিদর্শন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং যে বাড়িতে তাঁকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর ভোরে সপরিবারে হত্যা করা হয়। সে বাড়িটি একটি জাতির সৃষ্টি ও পথচলার সাক্ষী হয়ে আছে।
 
তিনি বলেন, সর্বকালের সাহসী এই নেতাকে আমার সালাম জানাই এবং সকল শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা।
 
আজ সোমবার বেলা ১২টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
IMG0
এ সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান সিদ্দিক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সঙ্গে ছিলেন। এ সময় তিনি জাদুঘরের শোক বইয়ে সই করেন এবং তার মন্তব্য সংযুক্ত করা হয়।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ছাড়াও সফরকালে তিনি ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখার্জি। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেয়া হবে।
 
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন রবিবার বিকালে। ‍জেট এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও সঙ্গে রয়েছেন।
 
ইত্তেফাক/এমআই