সড়ক সংস্কার, কাগজপত্র তল্লাশির নামে লোড ট্যাংকলরি আটক করে পুলিশের হয়রানি বন্ধ এবং জ্বালানি সংশ্লিষ্ট আইন করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনার দাবিতে খুলনার তিনটি ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এদিকে, শ্রমিকরা ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন না করায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। অনেকেই পাম্পে তেল নিতে গিয়ে ফিরে আসছেন। ফলে এক ধরণের দুর্ভোগে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।
শ্রমিকরা জানায়, রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তানিয়া ফিলিং স্টেশনের ট্যাংকলরির সামনের বাম্পারের জন্য আটক করে মামলা দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ট্যাংকলরি বন্ধ রেখে তারা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি চলকালে নগরীর নতুন রাস্তা মোড় সংলগ্ন কাশিপুর মোড়ে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় ঘটনায় সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে শ্রমিকরা জানিয়েছেন।
এ বিষয়ে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপিত সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল বলেন, সড়ক সংস্কার, কাগজপত্র তল্লাশীর নামে লোড ট্যাংকলরি আটক করে পুলিশের হয়রানি বন্ধ এবং জ্বালানি সংশ্লিষ্ট আইন করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার সম্মুখিন হচ্ছেন তারা। যে কারণে বিভাগীয় প্রশাসন বিষয়টির ব্যাপারে সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
