ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:০২
 
ঠাকুরগাঁও সদর উপজেলা মাতৃগাঁও এলাকার কলেজছাত্র জামিল আনছারি জুয়েল হত্যা মামলায় মাহাবুব আলম (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জর্জ হায়দার আলী এ রায় প্রদান করেন।
 
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলা মাতৃগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে কলেজ পড়ুয়া জামিল আনছারি জুয়েল গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটাকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী আসামি মাহাবুব আলম ধান কাটার ধারালো কাস্তে দিয়ে পেছন থেকে এলোপাথাড়ি আঘাত করে। জুয়েলের মাথায় একাধিক কোপ মারলে গুরুতর জখম হয়। এ সময় জুয়েলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাহাবুব আলম ও তার সহযোগীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন জুয়েলকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে অতিরিক্ত রক্ত ক্ষরণের জন্য মৃত্যু হয় তার।
 
পরে কলেজ পড়ুয়া জুয়েলের বাবা নজরুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় মাহাবুব আলমসহ ৩ জনকে আসামী করে ওই বছরের ১৯ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যাকারী মাহাবুব আলমকে আটক করে। মামলাটির তদন্তকারী অফিসার এস.আই কামরুজ্জামান মিয়া ২০১৩ সালের ১ জানুয়ারি অপরাধ প্রাথমিক ভাবে সততা পেয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
 
আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জর্জ হায়দার আলী ৩ জন আসামির মধ্যে মাহাবুব আলম (৩৫) নামে একজনকে আসামী যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও আসামি গোলাম কিবরিয়াকে বেকসুর খালাস প্রদান করেন। ২ নম্বর আসামি করিম ইতিপূর্বে মৃত্যুবরণ করেন বলে উল্লেখ্য করা হয়েছে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আব্দুল হামিদ ও নিহত জুয়েলের বাবা নজরুল ইসলাম উক্ত রায়ে সন্তোষ প্রকাশ করে বলে মতব্যক্ত করেছেন।
 
ইত্তেফাক/জামান