চট্টগ্রামে মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষ ও আরেক শিক্ষকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মাদ্রাসার অধ্যক্ষ আবু দারদা, শিক্ষক মো. তারেক আহমেদ, জোবায়ের, মো. আনাস ও আব্দুস সামাদ। এদিকে গতকাল নিহত ছাত্রের পরিবার এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে।
নিহত ছাত্র হাবিবুর রহমানের পিতা আনিসুর রহমান বাদি হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মাদ্রাসা অধ্যক্ষসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়।
বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসায় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে অভিযান চালিয়ে আমরা মাদ্রাসার অধ্যক্ষসহ ৫ শিক্ষককে গ্রেফতার করেছি। গত বুধবার রাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের মাদ্রাসা থেকে হাবিবুর রহমান নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়।
