টানা আন্দোলনের ১৭ দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ১৫ দিনের ছুটির আবেদন প্রত্যাখ্যান করে দাবি আদায়ে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ছুটির আবেদন প্রত্যাখ্যান করে পূর্ণ মেয়াদে ছুটিতে যাওয়া, না হয় পদত্যাগ দাবি করেন। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ছুটির দিনে বিকাল সাড়ে তিনটা থেকে প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান, প্রতিবাদী গান পরিবেশন করতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থী লোকমান হোসেন জানিয়েছেন, ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির আবেদন না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে পিছু হটার কোনো কারণ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে পর পর দুদিন মহাসড়ক অবরোধের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের অবগত না করায় ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
