কলেজছাত্রকে অপহরণের পর হত্যা

কিশোরগঞ্জে ১জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২২:০২
 
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মজলিশপুর গ্রামের কলেজছাত্র মেনন রায়হানকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
দণ্ডিত আসামি হচ্ছেন একই উপজেলার দক্ষিণ পিরিজপুর-মুন্সিকান্দা গ্রামের মামুন ওরফে সৈকত জাহান মামুন। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. শাহজাহান কবীর মঙ্গলবার (১৬ জানুয়ারি) আসামির উপস্থিতিতে এই রায় দেন।
 
জানা যায়, ২০১৫ সালের ৭ জানুয়ারি দুপুর একটার দিকে মেনন রায়হান বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেন নি। পরদিন ভোরে মেননের মোবাইলে ফোন দেন তার মা মাহবুবা। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান মেননকে অপহরণ করা হয়েছে এবং তাকে জীবিত পেতে হলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর মেননের বাবা রায়হানউদ্দিন বাদী হয়ে অপহরণ মামলা করেন। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে সৈকত জাহান মামুনকে গ্রেফতার করে।
 
মামুন ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে স্বীকার করে যে, মেননকে সরারচর সুরবালা সৌদামিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে কৌশলে অপহরণ করা হয়। পরে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে তাকে অচেতন করে তারা। পরে ভৈরব রেলস্টেশন থেকে এক কিলোমিটার পশ্চিমে চলন্ত ট্রেনের নিচে ফেলে তাকে হত্যা করে।
 
পুলিশ ৮ জানুয়ারি তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ তদন্ত শেষে পরে মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
 
ইত্তেফাক/আরকেজি