কুয়েটের পিকনিক বাসে ইয়াবার চালান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের বাসে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান আনা হয়েছে। ইয়াবাসহ গ্রেফতার বাসের হেলপার রিয়াজুল শেখকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। 
 
এদিকে, বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এসআই হরশিদ মণ্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এর আগে গত সোমবার রাত ৯টার দিকে পুলিশ নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় থেকে ২ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ মৃদুল টুরস্ পরিবহনের দুটি বাস আটক করে। 
 
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বাস দুটি কক্সবাজারের টেকনাফে অবস্থানকালে হেলপার রিয়াজুল শেখ সেখানকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। যা খুলনায় এনে বিক্রির উদ্দেশ্য ছিল তার। জিজ্ঞাসাবাদে বিষয়টি সে স্বীকার করেছে।  
 
ইত্তেফাক/ইউবি